নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সুবিধায় এসব উপকরণ আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশে নেমেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা দেওয়া হয়েছে।
এনবিআর জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ খাতের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে এরপরও এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) এবং ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার প্রযোজ্য ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি ও রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এসব পণ্য আমদানিতে মোট করভার দাঁড়াবে ১ শতাংশে।
এই সুবিধা সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
বাণিজ্যিক আমদানিকারকরাও সুবিধার আওতায়
আগের ব্যবস্থায় বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এই সুবিধা প্রযোজ্য ছিল না। নতুন সিদ্ধান্তে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও সুবিধাটির আওতায় আসবেন।
এনবিআরের ভাষ্য, নতুন সুবিধার ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলে মনে করছে সংস্থাটি।