বিজ্ঞাপন

সুন্দরবনে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ তরুণ আটক

sundarbans-deer-hunting-equipment-seized.jpg
সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণের মাথা ও শিকারের সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। ছবি: সংগৃহীত

সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণের খণ্ডিত মাথা, কলিজা, নাড়িভুঁড়ি ও শিকারের ফাঁদসহ এক তরুণকে আটক করেছে বন বিভাগ। এ সময় তার ব্যবহৃত একটি ডিঙি নৌকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) বানিয়াখালী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তির নাম আয়াতুল্লাহ গাজী (২২)। তার কাছ থেকে প্রায় দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে হরিণের একটি খণ্ডিত মাথাও ছিল।

আয়াতুল্লাহ গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আব্দুল কুদ্দুস গাজীর ছেলে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, সুন্দরবনে অবৈধভাবে হরিণ শিকারের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

(প্রতিবেদনটি স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্য দিয়ে তৈরি)