রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ নিয়ন্ত্রণে পয়োবর্জ্যের উৎস বন্ধ করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। গুলশান লেকে পয়োবর্জ্য প্রবেশের ছয়টি প্রাইমারি ও ছয়টি সেকেন্ডারি—মোট ১২টি পয়েন্ট চিহ্নিত হওয়ায় এসব উৎস বন্ধের পাশাপাশি ভবনভিত্তিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন ও বিদ্যমান স্যুয়ারেজ নেটওয়ার্কের বিস্তারিত জরিপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
গুলশান লেকে দূষিত পানি ঢোকার ১২ পয়েন্ট
বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়োবর্জ্য প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ছয়টি প্রাইমারি এবং ছয়টি সেকেন্ডারি পয়েন্ট শনাক্ত করা হয়েছে। এসব পয়েন্ট দিয়ে দূষিত পানি ও পয়োবর্জ্য লেকে প্রবেশ করছে বলে বৈঠকে জানানো হয়।
সমস্যা সমাধানে গঠিত কারিগরি কমিটি স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সুপারিশ উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে পয়োবর্জ্য প্রবেশের পথ বন্ধ করা, ভবনভিত্তিক এসটিপি স্থাপন এবং বিদ্যমান স্যুয়ারেজ নেটওয়ার্কের বিস্তারিত জরিপ।
গুলশান-বনানী এলাকায় শর্তসাপেক্ষে স্যুয়ারেজ বিল আদায় এবং পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করতে ক্যাচমেন্ট এরিয়া বা পানি সংগ্রহের জন্য এলাকা তৈরির বিষয়েও বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্জ্য অপসারণে বাড়বে যান্ত্রিক নৌকা
লেকের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে ভাসমান বর্জ্য অপসারণে ব্যবহৃত যান্ত্রিক নৌকার সংখ্যা দুটি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি ভাসমান এক্সক্যাভেটর ব্যবহার করে লেকের তলদেশে জমে থাকা স্লাজ অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ভবনের এসটিপি ও অবৈধ সংযোগ শনাক্তকরণ
বৈঠকে ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রযোজ্য ভবনগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে এসটিপি স্থাপন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয়োনিষ্কাশন লাইন সরাসরি বৃষ্টির পানির ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত আছে কি না, তা শনাক্ত করে অবৈধ সংযোগ বন্ধে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয়েছে।
পানিতে অক্সিজেন বাড়াতে এরেটর
লেকের পানির মান উন্নয়নে পানিতে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য এরেটর স্থাপনের প্রস্তাবও বৈঠকে উপস্থাপন করা হয়।
দুর্গন্ধ কমাতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত প্রয়োগ এবং দীর্ঘমেয়াদে স্যানিটেশন নেটওয়ার্ক নির্মাণের প্রস্তাবও আলোচনায় আসে।
রাজউকের পাঁচ টিমে ৪২ জন
বৈঠকে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন লেকগুলোর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও সার্বিক রক্ষণাবেক্ষণে ৪২ জন জনবল নিয়ে পাঁচটি বিশেষ টিম ইতোমধ্যে কাজ করছে।
সমন্বিতভাবে কাজ করবে সংশ্লিষ্ট সংস্থা
বৈঠকে লেকগুলোর দূষণের উৎস শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, পয়োবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য ও স্লাজ অপসারণ, স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন এবং প্রযোজ্য ভবনে এসটিপি স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসব কার্যক্রমে ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজউকের সমন্বিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে।
বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।