চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক বা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার (১ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের বিভিন্ন এলাকায় এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
অক্টোবর মাসের আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৯ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়। এ মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে একটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয়। ঘূর্ণিঝড়টি ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে।
প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে ভারতে অন্তত তিনজনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো। ঝড় ও ভারী বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোতে কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। প্রতিবেশী ওড়িশাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে, ১৭ অক্টোবর। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ২৭ অক্টোবর।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া উপাত্ত, জলবায়ু মডেল, ঊর্ধ্বাকাশের আবহাওয়ার বিন্যাস এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস বিশ্লেষণ করে নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস তৈরি করা হয়েছে।
অর্ণবের পর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় মুরাসু
অক্টোবরের শেষ দিকে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার কয়েক দিনের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১ নভেম্বর সকাল ৯টা ইউটিসির পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় ঘণ্টায় ২৭ কিলোমিটার বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। ওই সময় এর কেন্দ্র ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৪ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২ নভেম্বর সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ নভেম্বর মধ্যরাত থেকে ৩ নভেম্বর ভোরের মধ্যে নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী স্থান দিয়ে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল অতিক্রম করতে পারে।
উপকূল অতিক্রমের সময় ঘূর্ণিঝড়টির বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় নিচু এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে প্রায় ১ থেকে দেড় মিটার বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের নিচু এলাকা প্লাবিত হতে পারে। বাপটলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের প্রভাব বেশি পড়তে পারে।
বাংলাদেশের জেলেদের সতর্কতা
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরেও সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।