বিজ্ঞাপন

অতিথি পাখি রক্ষায় জাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

ju_migratory_birds.jpg
জাবি ক্যাম্পাসের জলাশয়ে পরিযায়ী পাখি। ছবি: বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালযয়ের ফেইসবুক পেজ

শীত মৌসুমকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জলাশয়গুলোতে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। পাখির নিরাপদ বিচরণ ও অভয়ারণ্য নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শীত মৌসুমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখির অবাধ বিচরণের সুযোগ রয়েছে। পাখির জন্য জলাশয়গুলো ইতোমধ্যে বাসযোগ্য করে তোলা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাখিকে বিরক্ত না করার নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পাখি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং ও জলাশয়ে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া জলাশয়ের আশপাশে ঢোল বাজানো, পটকা ফোটানো, হাততালি দেওয়া ও উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাখিদের ভয় দেখানো এবং জলাশয়ে পানির বোতল ও পলিথিন ফেলতেও নিষেধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, পাখির প্রতি ভালোবাসা ও মমত্ববোধের পাশাপাশি সবার সহযোগিতায় তাদের নিরাপদ আবাস ও বিচরণক্ষেত্র নিশ্চিত করা সম্ভব হবে।